সময়ের জনমাধ্যম

আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত বেড়ে ১১

হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে

Last Updated on 3 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এনজিল জেলার দেহ মেহরি গ্রামে সংঘটিত এ ঘটনায় প্রথমে নিহতের সংখ্যা কম জানানো হলেও, পরে গুরুতর আহতদের মৃত্যু হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনার পর প্রাদেশিক কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজন নিহতের কথা নিশ্চিত করেছিলেন। তবে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছায়।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের ওপর গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে মানুষের ভিড় বেশি ছিল।

হেরাতের এক চিকিৎসক জানান, নিহতরা সবাই শিয়া মুসলিম এবং তারা একটি স্থানীয় মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় অতীতেও একাধিকবার এ ধরনের হামলার শিকার হয়েছে।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, এনজিল জেলার দেহ মেহরি গ্রামে বেড়াতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুই নারীসহ অন্তত ১৫ জন আহতকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, হামলাস্থলটি শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। প্রতিদিন বহু মানুষ নামাজ ও জিয়ারতের জন্য সেখানে যান।