Last Updated on 16 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: প্রথম দেখায় যে কেউ পিলে চমকে যেতে পারেন; পুরো মুখ কালো রঙে ঢাকা, চুল আর চোখজোড়া ধবধবে সাদা, সঙ্গে একগাল লম্বা দাড়ি। কারও কারও মনে হবে কোনো রহস্যময় মানব গ্যালারিতে বসে খেলা দেখছেন! তবে এই বিচিত্র আর অদ্ভুত সাজের আড়ালে লুকিয়ে আছে ফুটবলের প্রতি তাঁর গভীর ভালোবাসা।
ক্যামেরার সামনের ‘উদি নেকো’র আসল নাম নেজদেত ওলচেরমান। বিশ্বকাপের সৌজন্যে পৃথিবী তাঁকে চিনলেও নিজ দেশ তুরস্কে তিনি বহু আগে থেকেই পরিচিত। তুর্কি ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ সমর্থক ওলচেরমান।
অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দল হিসেবে যখন তুরস্ক তল্পিতল্পা গোটাচ্ছে, তখনই মাঠের বাইরের এক গল্পে মজেছে ফুটবলবিশ্ব।
তুর্কি ফুটবলাররা যেখানে ব্যর্থ, সেখানে গ্যালারি মাতাচ্ছেন ‘উদি নেকো’ নামের এক সমর্থক—যাঁর অদ্ভুত বেশভূষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।
কানাডার ভ্যাঙ্কুভারে ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন আচমকাই ক্যামেরার লেন্স গিয়ে পড়েছিল তাঁর ওপর। ব্যস, সেখান থেকেই রাতারাতি ভাইরাল।

প্রিয় দল যখনই ঘরের মাঠ তুপরাস স্টেডিয়ামে খেলতে নামে, গ্যালারিতে ওলচেরমানের দেখা মিলবেই। ক্লাব ফুটবলের সেই আবেগই তিনি বয়ে নিয়ে এসেছেন জাতীয় দলের জার্সিতে।
নিজেকে এমন ভিন্ন রূপে দাঁড় করাতে ওলচেরমানকেও ঘাম ঝরাতে হয়। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রতি ম্যাচের আগে আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা নিখুঁতভাবে সাজেন।
তবে এই সাজ শুধুই বিনোদন নয়, এর পেছনে রয়েছে গভীর এক দর্শনও। এই রূপ মূলত ‘ব্ল্যাক বুল’ বা ‘কালো ষাঁড়’–এর প্রতীক, যা শক্তি, সহনশীলতা আর কখনো হার না–মানার এক অদম্য মানসিকতাকে ফুটিয়ে তোলে।
উদি নেকো নামটির পেছনেও আছে সুন্দর এক গল্প। ‘নেকো’ শব্দটি এসেছে তাঁর আসল নাম নেজদেতের চলিত সংক্ষিপ্ত রূপ থেকে। আর যাঁরা তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ বাজাতে পারদর্শী, তাঁদের বলা হয় উদি।
ফুটবলের প্রতি এমন নিখাদ ভালোবাসা দেখে বেসিকতাস ক্লাব কর্তৃপক্ষও ওলচেরমানকে একাধিকবার বিশেষভাবে সম্মানিত করেছে। অথচ মজার ব্যাপার হলো, ফুটবল বা বিনোদনজগতের সঙ্গে তাঁর পেশাগত জীবনের দূরতম কোনো সম্পর্ক নেই।
ওলচেরমান মূলত একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। শুধু তা–ই নয়, টিওয়াইসি স্পোর্টস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে, অতীতে তিনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তুরস্কের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নটা আগেই শেষ হয়ে গেছে। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি। ‘উদি নেকো” সেই ম্যাচে দল হারুক কিংবা জিতুক, নিজের চেনা অবয়বে গ্যালারিতে ঠিকই আলো ছড়াবেন।

