Last Updated on 14 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: সেনেগালের বিপক্ষে করা জোড়া গোলের পারফরম্যান্সের হাইলাইটসই যেন দেখালেন তিনি। তার জোড়া গোলে ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে ফ্রান্স। বাকি গোলটি করেছেন উসমান দেম্বেলে।
ফিলাডেলফিয়ায় জোড়া গোল করে কীর্তিও গড়েছেন এমবাপ্পে।
প্রথম গোলে রোনালদো নাজারিওর পাশে বসার পর দ্বিতীয় গোল তাকে পেছনে ফেলে মিরোস্লাভ ক্লোসার কীর্তি স্পর্শ করেছেন। জার্মান কিংবদন্তির ১৬ গোলের কীর্তি ছুঁয়েছেন।
ম্যাচের ১৪ মিনিটে করা এমবাপ্পের গোলটি ছিল অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে করা তার গোলটি একবার হাইলাইটস দেখলেই বুঝতে পারবেন।
বাঁকানো শটটি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচ রাঙানোর জন্য আর কি-ই-বা লাগে। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ইরাকের বিপক্ষে বিরতিতে যায় ফ্রান্স।
৪১ মিনিটে জোড়া গোল পেতে পারতেন এমবাপ্পে। শরীরকে দারুণভাবে স্পিন করিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকেছিলেন তিনি। তবে শট নেওয়ার মুহূর্তে হুসেইন আলি স্লাইড দিয়ে বলকে থামালে আর গোলটি পাওয়া হয়নি এমবাপ্পের।
দলকে লিড এনে দেওয়া গোলে একটা কীর্তি গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদো নাজারিওকে ছুঁয়েছেন ফ্রান্সের অধিনায়ক। ইরাকের বিপক্ষে করা তার প্রথম গোলটি বিশ্বকাপে ১৫তম। সমান গোল ব্রাজিল কিংবদন্তিরও।
বৃষ্টি ও বজ্রপাতের কারণে প্রায় ২ ঘণ্টা পর ফ্রান্স-ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়। ম্যাচ শুরু হতেই দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক গোলটা অনেকটা উপহারই পান প্রতিপক্ষ ইরাকের কাছ থেকে। ৫৪ মিনিটে ডিফেন্ডার আহমেদ কাসেম গোলরক্ষক বাসিলকে বল দিলে, তা ধরতে না পারায় উসমাল দেম্বেলের পায়ে যায়। বক্সের মধ্যে থেকে ফাঁকা পোস্টে বল জালে জড়াতে ভুল করলেন না এমবাপ্পে।
তাতে রোনালদোকে (১৫ গোল) পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে জায়গা করে নেন এমবাপ্পে। তার সঙ্গে অবশ্য দুইয়ে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। দুজনের গোল এখন ১৬। সবার ওপরে আছেন ১৮ গোলের মালিক লিওনেল মেসি।
৬৬ মিনিটে অবশ্য সতীর্থ দেম্বেলেকে দিয়ে গোল করিয়ে নিজের হতাশা কিছুটা কমান ওলিসে। বক্সের মধ্যে থাকা দেম্বেলেকে পাস বাড়ালে গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পেরিয়ে ডান পায়ে জোরাল শট নেন পিএসজির ফরোয়ার্ড। তাতে ৩-০ লিড পায় ফ্রান্স। এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল করেই মাঠ ছাড়েন দেম্বেলে। তার বদলি হিসেবে মাঠে নামে দেজিরে দুয়ে।
৭৫ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েছিল ইরাক। তবে আল হামাদির ভলি অল্পের জন্য বাঁ পোস্ট ঘেঁষে বাইরে যায়। বিপরীতে ৮০ মিনিটে হ্যাটট্রিক পেতে পারতেন এমবাপ্পে। যদি ঠিক মতো ভলিটা ইরাকের জালে রাখতে পারতেন।
ম্যাচের একদম শেষ মুহূর্তেও হ্যাটট্রিক পাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। সতীর্থর কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে দৌড়ে পরাস্ত করে শুধু ফিনিশিংটা করতে পারলেন না। বাঁ পায়ের শটটা পোস্টের অনেক বাইরে দিয়ে উড়ে গেল। সেই শটের পর নিজেও বদলি হন।
পরে আর গোল না হওয়ায় ৩-০ গোলের জয় পায় ফ্রান্স। এ জয়ে নকআউটও নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।


