সময়ের জনমাধ্যম

খামেনির হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সকল নীতির লঙ্ঘন: পুতিন

Last Updated on 20 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর লঙ্ঘন আখ্যায়িত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানে নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি তিন দশকের বেশি সময় ধরে ইরানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

তাঁর মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিন শোক জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ রোববার এ তথ্য জানান।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।