Last Updated on 14 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ:দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সেই হিসাবে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) কমিশনের আদেশক্রমে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি বলছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এর আগে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


