সময়ের জনমাধ্যম

নিরপেক্ষ সংবাদের অঙ্গীকার নিয়ে এশিয়া পোস্টের যাত্রা শুরু

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সোমবার (১১ মে) কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন । ছবি: সংগৃহীত

Last Updated on 17 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা করেছে।

আজ সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এই উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এর আগে এশিয়া পোস্টে এসে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান সম্পাদক পলাশ মাহমুদ। এ সময় তিনি তাকে অফিসের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। সামগ্রিক কর্মপরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শুধু আমাদের দেশ নয়, পৃথিবীজুড়ে একটি রূপান্তরের গতি প্রবাহমান। এমন একটা সময়ে এ ধরনের একটি গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন, এতে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, বাংলাদেশে অনলাইন ও মাল্টিমিডিয়া নিবন্ধনের প্রক্রিয়া থাকলেও এই খাতের কর্মীদের জন্য সরকারের কোনো নীতিমালা এখনও নেই। সরকার যেন অনলাইন মিডিয়ার জন্য একটি নীতিমালা প্রণয়ন করে, যা কর্মীদের জন্য সহায়ক হবে। এক্ষেত্রে ‘অনলাইন এডিটর্স অ্যালায়েন্স’-এর পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে। কেননা, এটি অনলাইন সংবাদকর্মীদের একটি প্রাণের দাবি।

এর আগে এশিয়া পোস্টের কার্যালয় পরিদর্শন করে শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের চেয়ারম্যান জি এম কাদের।

শামসুজ্জামান দুদু বলেন, সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র অচল। এশিয়া পোস্টকে ধন্যবাদ জানাই। সম্পাদক, প্রকাশক এবং এর সঙ্গে যারা নানা পর্যায়ে যুক্ত আছেন তারা একটি ভালো কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন।

জামায়াতে ইসলামীর পক্ষে দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এশিয়া পোস্টের নবযাত্রায় শুভেচ্ছা জানান।

এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মাহবুব আলম, উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম।

দেশ ও জনগণের পক্ষে এশিয়া পোস্টকে ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, সরকারি বা বিরোধী দলের যে কোনো সমালোচনা যেন সংশোধনের উদ্দেশ্যে করা হয়। এটি করতে হবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলে করীম মারুফ, জমিয়তে ওলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আব্দুল কাদের প্রমুখ এশিয়া পোস্টকে স্বাগত জানান। কার্যালয় পরিদর্শন করেন ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতারা।

দিনব্যাপী অনুষ্ঠান সমন্বয় করেন এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক, হেড অব অ্যাডমিন ইসাক আহমেদ চৌধুরী, হেড অব মার্কেটিং মনেশ অধিকারী, যুগ্ম বার্তা সম্পাদক সাজ্জাদ শোভন, রিপোর্টিং কোঅর্ডিনেটর জাকারিয়া নূরী, মাল্টিমিডিয়া ইনচার্জ সুরুজ আহমেদ, হেড অব সোস্যাল মিডিয়া মো. জোবায়ের, হেড অব এসইও মো. শাহীনুজ্জামান, হেড অব প্রোগ্রাম মো. শামসুজ্জামান, হেড অব এন্টারটেইনমেন্ট আবু হুরায়রা মুরাদ এবং হেড অব স্পোর্টস সাজ্জাদ হোসেন খান।