সময়ের জনমাধ্যম

পাকিস্তানের কোয়েটায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণে ‘নিহত অন্তত ২৪’

Last Updated on 10 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রেললাইনে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ হামলার ঘটনায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছে। বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি শাটল ট্রেন ছিন্নভিন্ন হয়ে গেছে এবং এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এপিপি রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় সকাল ৮টার কিছু পরে এটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে পাকিস্তান রেলওয়ে জানিয়েছে, জরুরি উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রাক ও রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

এপিপি জানিয়েছে, বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে এবং দুটি বগি উল্টে গেছে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।