সময়ের জনমাধ্যম

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিন বাহিনীর প্রধানেরা সৌজন্য সাক্ষাৎ করেন।

Last Updated on 1 day by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা সৌজন্য সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে যান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। গত মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে গতকাল বুধবার বিকেলে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে।

এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

অগ্রাধিকার তিনটি হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।