সময়ের জনমাধ্যম

ফেসবুকে এবার ফ্রিতেই মিলবে ‘ভেরিফায়েড ব্যাজ’

ভুয়া প্রোফাইল ও প্রতারণা ঠেকাতে মেটা নতুন এ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে

Last Updated on 7 hours by zajira news

আইটি ডেস্ক, জাজিরা নিউজ: ফেসবুকে নতুন একটি সুবিধা পেতে যাচ্ছে ব্যবহারকারীরা। এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ও প্রতারণা ঠেকাতে ‘আসল’ মানুষদের জন্য বিনামূল্যে নতুন ‘ভেরিফায়েড ব্যাজ’ চালু করছে মেটা, যা চেহারা শনাক্তকরণের মাধ্যমে ব্যবহারকারীর আসল পরিচয় নিশ্চিত করবে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট-এর বরাতে এ তথ্য জানা গেছে।

নতুন এ ব্যবস্থায় ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা হ্রাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক্ত করা সহজ হবে।

ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

তবে সবাই এই সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।

পাশাপাশি বেশ কয়েকটি নতুন পরিবর্তন সামনে এনেছে ফেসবুক। যার মধ্যে রয়েছে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে টেক্কা দিতে ‘ইমারসিভ ভিডিও’ অভিজ্ঞতার নতুন সংযোজন।

মেটা বলেছে, তারা অ্যাপ খুললেই পুরো স্ক্রিনজুড়ে ভিডিও দেখার এক পরীক্ষামূলক সুবিধা চালু করছে। তবে আগের অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ব্যবহারকারীদের জন্য সাধারণ নিউজফিডে ফিরে যাওয়ার সুবিধাও রাখা হচ্ছে।

নতুন ভেরিফিকেশন সুবিধাটি কোনো অফিশিয়াল পেইজ বা প্রোমোড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আগামী সোমবার থেকে নির্দিষ্ট কিছু দেশে পর্যায়ক্রমে এ সেবা চালু হবে এবং পরবর্তীতে তা বিশ্বজুড়ে চালু হবে।