সময়ের জনমাধ্যম

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ পথচারী

ছবি- প্রতিকি

Last Updated on 12 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই পথচারী।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলীকে রাজনৈতিক সহযোদ্ধা পরিচয় দেওয়া মামুন মিয়া নামে হাসপাতালে একজন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো রাতে তারা কাফরুল ই-ব্লকের ১ ও ২ নম্বর লিংক রোডে ওপেক্স গার্মেন্টসের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন।

এসময় ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পাশ দিয়ে কয়েকবার ঘোরাঘুরি করে। একপর্যায়ে ইউসুফ তাদের পরিচয় জানতে চাইলে তারা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, গুলির পর আশপাশের লোকজনকে নিয়ে হামলাকারীদের ধাওয়া করা হয়। পরে ঘটনাস্থলে ফিরে এসে দেখা যায়, ইউসুফ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।

এছাড়া দুই পথচারীও গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিলেন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে ইউসুফকে মৃত ঘোষণা করেন।

মামুন মিয়ার দাবি, ইউসুফ আলী আগে কাফরুল থানা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তার বাড়ি কাফরুলের পশ্চিম বাইশটেকি এলাকায়। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল গ্রামে।

আহতরা হলেন– নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। নালাম সরদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা, তিনি ফুটপাতে কাঁচামাল বিক্রি করেন। নালাম মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন। মনির হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা, তিনি ফুটপাতে কাপড় ব্যবসা করেন। মনির বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফের মৃত্যুর তথ্য জানান। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) কামরুল বলেন, গুলির ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে কাফরুল থানার একটি সূত্র জানিয়েছে।