সময়ের জনমাধ্যম

রোজায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Last Updated on 6 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রোজায় ১০ লাখেরও বেশি পরিবারের কাছে ‘সুলভ মূল্যে’ প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে ‘সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।”

রোজায় ‘অসাধু ব্যবসায়ীদের’ কারণে পণ্যের দাম বেড়ে যায় মন্তব্য করে তিনি বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।” ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

মৎস্য প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।” টুকু বলেন, বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজে কষ্ট ভোগ করেছেন; কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।