Last Updated on 1 day by zajira news
দিনাজপু্র প্রতিনিধি, জাজিরা নিউজ: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফিলিং স্টেশনে তেলের আশায় রাতভর অপেক্ষা করছেন শত শত মোটরসাইকেল চালক। জ্বালানি তেলের সরবরাহ সীমিত হওয়ায় পাম্প এলাকায় উপচে পড়া ভিড় সামলাতে অনেক বাইকারকে সড়কের পাশেই রাত যাপন করতে দেখা গেছে।
আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্প এলাকায় এক হাজারের বেশি মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।
ভুক্তভোগী চালকরা জানান, রোববার সন্ধ্যা থেকেই অনেকে লাইনে অবস্থান নিয়েছেন। মোটরসাইকেল পাহারা দিতে কেউ কেউ সড়কের ওপরই বিছানা পেতে রাত কাটিয়েছেন।
পাম্প কর্তৃপক্ষ জানায়, সরবরাহ সংকটের কারণে প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সবুজ মিয়া ও মিজানুর রহমান নামের দুই বাইকার জানান, দীর্ঘ সময় অপেক্ষা করে মাত্র ৩০০ টাকার তেল পাওয়া তাঁদের জন্য অত্যন্ত কষ্টকর। অন্তত ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কমার সম্ভাবনা নেই। পরিস্থিতির দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


