সময়ের জনমাধ্যম

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

Last Updated on 12 hours by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসেছেন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৫ মিনিটে তিনি সচিবালয়ের এক নম্বর ভবনে তার নিজের দপ্তরে পৌঁছান। এদিন বিকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে যান। পরে তাদের প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে দেখা যায়।

নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তরের বাইরে নাম ফলক লাগানো হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তারা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুল দিয়েও অভিনন্দন জানাচ্ছেন।

সকাল থেকেই কড়া নিরাপত্তার জালে ঢেকে রাখা হয়েছে সচিবালয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করে গেছে। এছাড়া এদিন সচিবালয়ে প্রবেশও সীমিত করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সরকারপ্রধান সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন।

সেখান থেকে বেলা ১২টায় তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সেখান থেকে সচিবালয়ে আসেন তিনি।

এদিকে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন তারেক রহমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।