সময়ের জনমাধ্যম

২৬ দিনের মাথায় যেভাবে সোনাম ওয়াংচুকের অনশন ভাঙাল মোদি সরকার

সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক

Last Updated on 2 days by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২৬ দিন অনশন করার পর কর্মসূচি শেষ করেছেন সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ৫৯ বছর বয়সী ওয়াংচুক জানান, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়াংচুকের এই ঘোষণার কিছুক্ষণ পরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে সরকার আরও কঠোর আইন আনতে যাচ্ছে।

মোদি বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এ বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হবে বলে জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি প্রশ্নফাঁসের ঘটনাকে ‘লাখো শিক্ষার্থীর জন্য গভীর কষ্টের বিষয়’ বলে উল্লেখ করেন। তবে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম সরাসরি উল্লেখ করেননি।

গত ২৮ জুন থেকে অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত যুবনেতৃত্বাধীন সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর সঙ্গে সংহতি জানিয়ে তিনি এই অনশন শুরু করেছিলেন।