সময়ের জনমাধ্যম

অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ রাখার ঘোষণা, ইরানের বিপ্লবী গার্ডের কঠোর হুঁশিয়ারি

Last Updated on 17 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ না তুললে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থার গভীর সংকট তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের মতে, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র অবরোধ নীতি চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এর আগে শুক্রবার স্বল্প সময়ের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছিল। তবে মাত্র একদিনের মধ্যেই আবারও তা বন্ধ করে দেওয়া হয়, কারণ মার্কিন প্রশাসন তাদের অবরোধ অব্যাহত রাখে।

বিপ্লবী গার্ড আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে হরমুজ প্রণালির আশেপাশে কোনো বিদেশি জাহাজের উপস্থিতিকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকার অর্থ বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হওয়া। কারণ বিশ্বের একটি বড় অংশের তেল ও জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই সংকট দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে বিঘ্ন দেখা দিতে পারে। সূত্র: আল জাজিরা