Last Updated on 1 year by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়।
এ সময় তারা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগের গতিতে আগুন জ্বালো একসাথে’সহ একাধিক স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরো’র সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।’
প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর উত্তাল নেট পাড়াও। ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের চোখের সামনে শহীদের লাশগুলো এখনও জীবন্ত। এত রক্ত, এত কোরবানির পরও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় জুলাইয়ের ছাত্রজনতা আবারও রাজপথ দখল করবে।’
তিনি আরও লিখেন, ‘যেকোনও মূল্যে খুনি লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনীতি টিকিয়ে রাখার জন্য আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান, মুগ্ধ ও রিয়া গোপরা জীবন দেয় নাই।’

