Last Updated on 2 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বায়ুদূষণে আজ বৃহস্পতিবারও (২৯ জানুয়ারি) বিশ্বের নগরীগুলোর মধ্যে শীর্ষে আছে রাজধানী ঢাকা।
আজ সকাল সোয়া আটটার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ২৬০ স্কোর নিয়ে শীর্ষে ছিল এই নগর। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
বায়ুদূষণে চলতি মৌসুমে বেশির ভাগ দিন শীর্ষে থেকেছে ভারতের রাজধানী দিল্লি কিংবা পাকিস্তানের করাচি বা লাহোর। কিন্তু আজ এসব নগর ঢাকা থেকে অনেক পেছনে। আজ বায়ুদূষণে ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৮০, আর নবম অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৬৮। আজ ঢাকার চার স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। দূষণের সর্বোচ্চ স্তর এটি।
পাঁচ দিন ধরে টানা বায়ুদূষণে শীর্ষে থাকছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোয় শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি। তিন সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি।
বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।
ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা দিন দিন বাড়ছে। গত ডিসেম্বর পুরোটাই, আর জানুয়ারির প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।
বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
বায়ুদূষণে আজ ঢাকার পর থাকা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার স্কোর ২২১। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না। এসব উৎস নিয়ন্ত্রণে আদৌ সেভাবে কোনো চেষ্টা হয়নি। উপমহাদেশীয় দূষিত বায়ুপ্রবাহের চেয়ে সেগুলোই প্রাধান্যশীল।
ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা।
বায়ুর মান খুব খারাপ ঢাকার ৮ স্থানে
আজ সকালে ঢাকার আটটি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৩৭), সাগুফতা (৪৩১), দক্ষিণ পল্লবী (৩৩৮), ধানমন্ডি (৩১৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮৪), বে’জ এইজ ওয়াটার (২৫৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩০) ও গোড়ান (২২৮) ।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।
আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।


