Last Updated on 7 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।
রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।
মাহবুব আলম চৌধুরী বলেন, সেখানের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সালেহ আহমেদ ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। তার সঙ্গে আরও একজন বাংলাদেশি আহত হন।
পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। রোববার সকালে সালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
নিহত সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। বাংলাদেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
মাহবুব আলম চৌধুরী আরও বলেন, আমার সঙ্গে শনিবার ইফাতারের পর কথা হয়েছে। তখন তিনি বলেন জরুরি কাজে বাইরে আছেন। এর কিছুক্ষণ পর তিনি হামলার শিকার হন। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নিহত সালেহ আহমেদের পরিচয় ও পরিবারের তথ্য নিশ্চিত করেছেন।


