সময়ের জনমাধ্যম

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: সংবাদ সম্মেলনে তারেক রহমান

Last Updated on 2 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, “এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দেশি–বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজয় শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে উল্লেখ করে তিনি দলীয় নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বিএনপি চেয়ারম্যান।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।