সময়ের জনমাধ্যম

গণমাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে: মাহফুজ

Last Updated on 3 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: প্রথম আলো ও ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়ে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনে হামলা চালায়। এ সময় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং কয়েকজন সাংবাদিক ভেতরে আটকা পড়েন বলে জানা যায়।

শাহবাগে বক্তব্যকালে মাহফুজ আলম বলেন, “সাংবাদিকদের দ্রুত উদ্ধার করুন। সরকারকে আহ্বান জানাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি—এই সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের মাধ্যমে এই আন্দোলন অন্যদিকে যেতে দেব না।”

তিনি আরও বলেন, “যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা কী চাই, কীভাবে চাই এবং কখন চাই—এ বিষয়ে আমরা খুবই স্পষ্ট। আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে যেন কেউ সায় না দেন।”
মাহফুজ আলম বলেন, “মিডিয়া ও সাংবাদিকরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সবাই মিলে সুরক্ষা দিন এবং আমাদের কথা বলার সুযোগ করে দিন। বাংলাদেশসহ সারা বিশ্ব জানুক—আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে পারি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকা সৈনিক শরিফ ওসমান হাদির স্মৃতি নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমার আশঙ্কা, আরও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে। কোনো ধর্মীয় স্থাপনা কিংবা মিডিয়াসহ স্পর্শকাতর স্থানে কেউ হামলার চেষ্টা করলে দেশের সকল নাগরিককে বলছি—আপনারা বাধা দিন, এসব স্থান রক্ষা করুন এবং দায়িত্বশীলভাবে এই আন্দোলনকে আরও বেগবান করুন।”