Last Updated on 1 year by zajira news
বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: সর্বকালের সেরা গান ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। তার এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।
গতকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। লোক–গবেষক সাইমন জাকারিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি। এর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ উল্লেখযোগ্য।
আবু জাফরের রচিত উল্লেখযোগ্য অনন্য সংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি ।
গানের ভুবনে থাকা মানুষটি করতেন সাহিত্যচর্চাও। লিখেছেন বেশ কিছু বইও। এর মধ্যে নতুন ‘রাত্রি পুরনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য। অবসরটা খুব নিভৃতেই কেটেছে আবু জাফরের। আড়ালেই ছিল সুরকারের শেষ দিনগুলো।
তাঁর পাশে সব সময়ের জন্য ছিলেন এক মেয়ে ও তিন ছেলে। মৃত্যুর পর ভক্তদের সামনে নতুন করে জীবন্ত হয়ে উঠেছে তাঁর কালজয়ী গানগুলো। এই গানের মাধ্যমেই তাঁকে মনে করবেন শ্রোতারা।


