সময়ের জনমাধ্যম

চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

Last Updated on 1 month by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারাদেশের শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে ঢাকায় এসে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে—পুরো খুনি চক্রকে গ্রেফতার করে আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।’

চার দফা দাবির মধ্যে রয়েছে:

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘এই চারটি দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আরও কঠোর থেকে কঠোরতর হবে।’

পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সচেতন জনগণকে ঢাকার শাহবাগে এসে অবস্থান গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।