Last Updated on 1 week by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: খুলনা-১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এ দেশে নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে।
তিনি বলেন, ‘অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে জামাই আদরে রাখা হবে।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দলের মহাসচিবকে ইঙ্গিত করে কৃষ্ণ নন্দী বলেন, ভোট কেনার জন্য তারা চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে। তবে জামায়াতে ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না বলে দাবি করেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘জামায়াত বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনে না। হাটে–বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনাবেচা করা ঠিক নয়। আপনারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না।’
তিনি আরও বলেন, টাকা দিয়ে মানুষ কেনা যায় না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।


