Last Updated on 2 years by BISWAS
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: শ্রমিক ঠকানোর মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালতে। সেইসঙ্গে এ মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
রোববার (৩ মার্চ) সকালে জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালের হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূস। জামিন নিতে আসেন গ্রামীণ টেলিকমের আরও তিন আসামি।
এদিন ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশন, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের পর্যবেক্ষকরা আদালতে উপস্থিত ছিলেন। এ বছরের ১ জানুয়ারি ইউনূসসহ ৪ আসামির ৬ মাসের কারাদণ্ড হয়। এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন শ্রম আদালত।
গত ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলার চার্জশিট আমলে গ্রহণের জন্য আজ রবিবার দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


