Last Updated on 1 month by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসেবে চলছে মঞ্চ তৈরির কার্যক্রম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন শুধু সাজানোর কাজ বাকি। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে মাইক।
জানা গেছে, আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে। দেশে ফেরার পর তাঁকে বিমানবন্দর থেকে স্বাগত জানাবেন দলের নেতা–কর্মীরা। এরপর দলের পক্ষ থেকে তারেক রহমানকে ৩০০ ফুট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তাঁর মা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তাঁর গুলশানের বাসভবনে ফেরার কথা আছে।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতা–কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তাঁরা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে হাতে বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা নিয়ে আসছেন।
সরেজমিনে কুড়িল–সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতি দেখা গেছে। তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসছেন। তাঁদের কেউ কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, আবার কেউবা ‘মা–মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘বীরের বেশে তারেক রহমান, আসবে এবার বাংলাদেশে’—এমন নানা স্লোগান দিয়ে এলাকা মুখর করে তুলছেন। সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সেখানে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও আছেন।
’
তারেক রহমান ২০০৭ সালে এক–এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।


