Last Updated on 3 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে ও পুড়িয়ে মারার নৃশংস ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি।
নিহত দিপু ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাসিন্দা এবং ভালুকার ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভিতরে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দিপুকে মারধর শুরু করেন। এ সময় তার বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তোলা হয়। মুখে মুখে ছড়িয়ে পড়ে, তিনি নাকি চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছিলেন। তবে কেউই সরাসরি এমন কিছু শোনা বা দেখার কথা স্বীকার করেননি।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ফ্যাক্টরির বাইরে লোকজন জড়ো হতে থাকে। ছুটির সময় হওয়ায় অল্প সময়ের মধ্যেই বড় জমায়েত তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরির প্রডাকশন ম্যানেজার দিপু চন্দ্র দাসকে বরখাস্ত করেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ফ্যাক্টরি রক্ষার অজুহাতে কর্মকর্তারা তাকে বাইরে ঠেলে দেন বা কথিত জনতার হাতে তুলে দেন। এরপর তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করা হয়। পরে জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়কের আইল্যান্ডের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে রশি ছিঁড়ে তার লাশ নিচে পড়ে যায়। ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
র্যাব ভিডিও বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে সাতজনকে আটক করেছে। পুলিশ জানায়, ঘটনা বিকাল ৫টার দিকে শুরু হলেও তাদের জানানো হয় রাত ৮টার পর। তবে এ ঘটনায় ‘ধর্ম অবমাননার’ কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
পুলিশের কাছ থেকে নিয়ে দিপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে- সামাজিক মাধ্যমে এমন প্রচারকে ‘ভুয়া’ দাবি করে ওসি বলেন, পুলিশ খবর পায় অনেক পরে, ঘটনাটি সরাসরি ফ্যাক্টরিতেই ঘটে।
এদিকে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।


