Last Updated on 3 months by zajira news
জাজিরা নিউজ ডে্স্ক: দেশের লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সমাহিত হয়েছেন জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা। এছাড়াও ছিলেন শরিফ ওসমান হাদির পরিবারের সদস্য এবং তার সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্যরা।
জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও হাদির ভাই আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক তার বক্তব্যে হাদির স্মৃতিচারণ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন।
ওসমান হাদির জন্য গায়েবানা জানা হয়েছে সারা দেশেও। সরাসরি জানাজায় অংশ নিতে না পারলেও হাদির প্রতি সম্মান জানাতে তার গায়েবানায় যোগ দিয়েছেন বিভিন্ন জেলার মানুষরা।
সারা দেশে হাদির গায়েবানা জানাজাগুলোয় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বাসিন্দা, ছাত্র-শিক্ষক, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জেলা শহরগুলোয় দেখা গেছে গায়েবানান জানাজার পাশাপাশি ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ।

