সময়ের জনমাধ্যম

নাশকতা-বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে বিজিবি প্রধানের নির্দেশ

Last Updated on 9 hours by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করে সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় দায়িত্বরত বাহিনীর সদস্যদের তিনি এমন নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করেন।

একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে বিজিবি সদস্যদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। ভোটারগণ যেন নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন তিনি।

গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

Reendex

Must see news