Last Updated on 2 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অগ্নিসংযোগের পর প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে জড়ো হয়ে শত শত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। প্রথমে শাহবাগ দিক থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষুব্ধদের একটি অংশ অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। কার্যালয়ের কাগজপত্র ও কম্পিউটার নিচে ফেলে দেওয়া হয় এবং ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়।
এরপর প্রথম আলো কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে বিক্ষুব্ধরা কাছাকাছি অবস্থিত বহুতল ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হন। পরে তারা ডেইলি স্টার ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষুব্ধ জনতাকে আগুন লাগানো থেকে নিবৃত করার চেষ্টা করতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের আগুনের ঘটনায় তিনটি ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বিক্ষুব্ধ জনতার কারণে কয়েকটি ইউনিট বিভিন্ন স্থানে আটকে পড়ে। সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে দুটি ইউনিট এবং ডেইলি স্টারে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশের সহযোগিতায় অন্যান্য ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণে আনা হয়।


