সময়ের জনমাধ্যম

ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস জাতিসংঘে

জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার (২ ডিসেম্বর) ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।

Last Updated on 4 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

যৌথভাবে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৫১টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে মাত্র ১১টি ভোট। ১১টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরাইলকে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয়।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। আজ বুধবার (৩ ডিসেম্বর) গাজা শহরের জেইতুন এলাকায় ‘ইয়েলো লাইনের’র বাইরে ইসরাইলি সেনার গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ১১৭ জনে, যার বেশিরভাগই নারী ও শিশু। মোট আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জন।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে হামলা চলছে। বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তুবাস শহর ও জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ায় ইসরাইলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, মার্কিন নির্মিত অ্যাপাচি হেলিকপ্টারগুলো তুবাসের ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং পুরো সন্ধ্যাজুড়ে গুলির শব্দ শোনা যায়। লক্ষ্যবস্তু এলাকাগুলোর নাম এখনও জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত দুই বছরে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আটক করেছে আরও হাজার হাজার ফিলিস্তিনি।