সময়ের জনমাধ্যম

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

ছবি: সংগৃহীত

Last Updated on 6 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে অবতরণের সময় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে কাছে থাকা মহাসড়কে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদমাধ্যম আরটি নিউজ থেকে জানা যায়, শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস বলেন, নতুন ছাপানো নোট বহনকারী হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছে।

বিমানবাহিনীর কর্মকর্তা জেনারেল সার্জিও লোরা জানান, উড়োজাহাজটিতে ৬ জন ক্রু ছিলেন, চারজনের মরদেহ উদ্ধার হলেও দুই জনের খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিসের প্রধান পাভেল তোভার জানান, নিহতদের মধ্যে কতজন উড়োজাহাজযাত্রী এবং কতজন বিধ্বস্ত যানবাহনের যাত্রী তা নির্দিষ্টভাবে বলা যায়নি। উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সন্তাক্রুজ থেকে এল আলতো শহরের দিকে আসছিল।

এ দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা ও তদন্ত শুরু হয়েছে।