সময়ের জনমাধ্যম

বাংলাদেশির ধারণ করা মারদেকার ইফতারের ভিডিও প্রশংসা কুড়াচ্ছে মালয়েশিয়ায়

ছবি - মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করা বাংলাদেশি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটর মোস্তাকিম জনির ড্রোন ক্যামেরায় ধারণ করা মারদেকার ভিডিও থেকে নেওয়া।

Last Updated on 1 day by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দাতারান মারদেকায় (স্বাধীনতা চত্বর) বাংলাদেশি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটর মোস্তাকিম জনির ড্রোন ক্যামেরায় ধারণ করা ইফতার মাহফিলের একটি ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১৯৫৭ সালে দেশটির স্বাধীনতা ঘোষণার সাক্ষী এই ঐতিহাসিক চত্বরে রমজানের সন্ধ্যায় হাজারো মানুষের সমবেত হওয়ার দৃশ্যটি মোস্তাকিম জনির ভিডিওতে অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। ভিডিওটি প্রথমে তার টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি স্থানীয় নাগরিকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভিডিওটি মালয়েশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ সরকারি দফতর প্রধানমন্ত্রীর কার্যালয়, ফেডারেল টেরিটরি প্রশাসন এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) তাদের নিজস্ব ফেসবুক পেজ থেকেও ভিডিওটি শেয়ার করেছে।

সরকারি এই পেজগুলো তাদের ক্যাপশনে ভিডিওর ক্রেডিট হিসেবে মোস্তাকিম জনির নাম উল্লেখ করেছে। পাশাপাশি দাতারান মারদেকার পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।

জনির ড্রোন ফুটেজটিতে স্বাধীনতা চত্বরের বিশালতা এবং সেখানে আগত মানুষের মধ্যকার সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রটি স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে অসংখ্য মালয়েশীয় নাগরিক ইতিবাচক মন্তব্য করছেন। যার ফলে অনেকেই এখন ঐতিহাসিক স্থানটিতে ইফতারের পরিকল্পনা করছেন। ডিউ জাসমিন নামের এক স্থানীয় তরুণী সরকারি পেজে ভিডিওটি শেয়ার করে মোস্তাকিম জনিকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটর মোস্তাকিম জনি। ছবি: সংগৃহীত

নিজের কাজের এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত মোস্তাকিম জনি সময় সংবাদকে বলেন, মালয়েশিয়ার সরকারি পেজগুলোতে তার কাজ শেয়ার হওয়া এবং স্থানীয়দের ইতিবাচক সাড়া পাওয়া তার জন্য অনেক বড় প্রাপ্তি।

একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন সম্মান অর্জন করতে পারা দেশ ও নিজের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে দাতারান মারদেকা মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় এই ভিডিওটি দেশটির পর্যটন ও ধর্মীয় ঐতিহ্যের প্রচারেও ভূমিকা রাখছে।

Reendex

Must see news