সময়ের জনমাধ্যম

বিএনপিকে ৭০, জামায়াতকে ১৯, এনসিপিকে ২.৬ শতাংশ মানুষ ভোট দিতে চায় : ইএএসডির জরিপ

ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন

Last Updated on 3 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়।

নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৯ শতাংশ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। উল্লেখ্য, এনসিপি ইতোমধ্যে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এ জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয় এ জরিপের আওতায়।

ইএএসডি জানিয়েছে, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে। ইএএসডি জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ এ প্রশ্ন করা হয়।

ফলাফলে পাওয়া উত্তর অনুযায়ী ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ১৯ শতাংশ বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলেছেন। ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ভোট দেবেন না ০ দশমিক ২ শতাংশ মানুষ।

জরিপে ‘কোন দল সরকার গঠন করবে’ এমন প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। ১৭ শতাংশ মানুষ বলেছেন জামায়াত ও ১ শতাংশ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে, জরিপের এ প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বলেছেন, বিএনপি। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে।

১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টি জিতবে বলে জানিয়েছে। এ প্রশ্নে এনসিপির প্রতি সমর্থন ছিল ১ দশমিক ৭ শতাংশ মানুষের।