সময়ের জনমাধ্যম

বিএনপি দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর যাচ্ছে সরকারে

ভোট দেওয়ার পর তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান ছবি- সংগৃহিত

Last Updated on 14 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপি এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে।

মাঠপর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে এ পর্যন্ত ২০৭ আসন পেয়েছে বিএনপি ও তাঁদের জোটভুক্ত প্রার্থীরা।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন। দুটি আসনেই তিনি জয় পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে ভোট হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে একটা পর্যন্ত বেসরকারিভাবে ২৮৮টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত মিত্র দল পেয়েছে ২০৭টি আসন। আর জামায়াতে ইসলামী ও মিত্র দল পেয়েছে ৭৩টি আসন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছেন সাতটি আসন। বাকি বেশ কয়েকটি আসনেও নিশ্চিত জয়ের পথে রয়েছে বিএনপি। সব মিলিয়ে দুই তৃতীয়াংশ আসন পাচ্ছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’