Last Updated on 2 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বৈধপথে প্রবাসী আয় প্রেরণে উৎসাহিত করা এবং সরকারি ‘সার্বজনীন পেনশন স্কিম’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সভা।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী রোববার (২৬ এপ্রিল) পেনাংয়ে সিবিএল মানি ট্রান্সফারের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) ও কাউন্সেলর (শ্রম) সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বৈধপথে রেমিট্যান্স প্রেরণের অপরিহার্যতা এবং হুন্ডিসহ অবৈধ চ্যানেলে অর্থ পাঠানোর ঝুঁকি ও কুফল সম্পর্কে প্রবাসীদের বিস্তারিত অবহিত করেন।
এ সময় ব্যাংকিং চ্যানেল ও অনুমোদিত মানি ট্রান্সফার সেবার মাধ্যমে অর্থ প্রেরণের সুবিধাসমূহ তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের ‘সার্বজনীন পেনশন স্কিম’এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গুরুত্বসহকারে শোনেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) মালয়েশিয়া থেকে মোট ২ হাজার ৭০৪ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরিত হয়েছে। দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের এই অংশগ্রহণ আরও বৃদ্ধির ওপর জোর দেয়া হয়।
মালয়েশিয়ায় বৈধপথে রেমিট্যান্স প্রেরণে অগ্রণী মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার এবং এনবিএল মানি ট্রান্সফার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ৩৬টি শাখার মাধ্যমে এই রেমিট্যান্স হাউসগুলো প্রবাসী বাংলাদেশিদের নির্বিঘ্ন সেবা প্রদান করে যাচ্ছে, যা বৈধ পথে অর্থ প্রেরণে প্রবাসীদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।


