সময়ের জনমাধ্যম

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন: নিন্দায় রাশিয়া-ইরান, ইইউর উদ্বেগ

Last Updated on 1 month by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রশিয়া-ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ।

শনিবার (০৩ জানুয়ারি) ভোরে দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খবর দিয়ে মাদুরোকে স্ত্রীসহ আটক করে ‘ভেনেজুয়েলার বাইরে’ নিয়ে যাওয়ারও কথা বলেছেন।

আক্রমণের পর এক্সে এক বিবৃতিতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলা এক ‘নতুন ভোর’ দেখেছে। স্বৈরশাসকের বিদায় হয়েছে। এখন সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে।”

আল জাজিরা লিখেছে, হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনের অভিযোগ তোলেন। হামলার এ ঘটনাকে ভেনেজুয়েলার ‘সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে’ বিভিন্ন দেশ।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। সশস্ত্র আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হল সংঘাত বাড়াতে না দেওয়া। সংলাপের মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। “বাইরের কোনো ধ্বংসাত্মক, বিশেষ করে সামরিক হস্তক্ষেপ ছাড়াই ভেনেজুয়েলার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।”

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “ভেনেজুয়েলার জনগণের সঙ্গে পুনরায় সংহতি জ্ঞাপন করছি এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেতৃত্বের নীতির প্রতি সমর্থন জানাচ্ছি।” স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায়ও অত্যন্ত উদ্বেগ জানিয়েছে রাশিয়া।

রুশ সরকার বলছে, “যদি এমন ঘটনা ঘটে, তবে সেটি হবে স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা অগ্রহণযোগ্য।”

ভেনেজুয়েলার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান সরকার। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লিখেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন কেউ বুঝতে পারে ভুয়া দাবির মাধ্যমে কোনো শত্রু কোনো সরকার বা জাতির ওপর কিছু চাপিয়ে দিতে চায়, তখন তাদের অবশ্যই সেই শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, “আমরা তাদের কাছে মাথা নত করব না। আল্লাহর ওপর ভরসা ও জনগণের সমর্থনের ওপর আত্মবিশ্বাস রেখে আমরা শত্রুকে পদাবনত করব।”

আলাদা একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

“ভেনেজুয়েলায় আমেরিকান বাহিনীর এই হামলা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘনের ঘটনায় কঠোর নিন্দা জানাচ্ছে ইরান।”

মার্কিন সামরিক হামলার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কালাস বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন।

এক্সে এক পোস্টে কায়া কালাস বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। “ইইউ বারবার বলেছে, মাদুরোর বৈধতার অভাব রয়েছে এবং আমরা একটি শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষ সমর্থন করেছি। তবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূলনীতি অবশ্যই যেকোনো পরিস্থিতিতে মেনে চলতে হবে। সবাইকে ধৈর্য্য দেখানোর আহ্বান জানাই। বর্তমানে ভেনেজুয়েলায় অবস্থানরত ইইউ নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ভেনেজুয়েলায় হামলার ঘটনার পর সংঘাত না বাড়াতে আহ্বান জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক আইনের প্রতি সহিষ্ণুত ও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে সমস্যা সমাধানে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে স্পেন সরকার।