সময়ের জনমাধ্যম

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

Last Updated on 16 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। দেশজুড়ে উৎসবের আমেজ চললেও সবার মনে এখন একটাই প্রশ্ন— ঈদ আসলে কবে?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে শুক্রবার সেখানে ঈদের দিন হওয়ার সম্ভাবনা প্রবল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট বুধবার সন্ধ্যায় নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

ভৌগোলিক নিয়ম অনুযায়ী, সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)। তবে বিষয়টি চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর।

আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদ উদ্‌যাপিত হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে বন্দর ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় যানজট উপেক্ষা করেই আপন ঠিকানায় ছুটছে মানুষ।