Last Updated on 2 years by BISWAS
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: প্রায় দু’বছর আগে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর কোনও আমেরিকান সাংবাদিকের কাছে এটিই রুশ প্রেসিডেন্টের দেওয়া প্রথম সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়া তার স্বার্থের জন্য লড়াই করবে। কিন্তু ইউক্রেন যুদ্ধকে পোল্যান্ড ও লাটভিয়ার মতো অন্য দেশে টেনে নেওয়ার কোনো আগ্রহ রাশিয়ার নেই।
গতকাল বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দুই ঘণ্টার বেশি সময়ব্যাপী সাক্ষাৎকার দিয়েছেন পুতিন।
সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘পুতিন কার্লসনের কাছে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন। কারণ, সাবেক এই ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি ইউক্রেইন যুদ্ধ নিয়ে অন্য অনেক পশ্চিমা পত্রপত্রিকার মতো ‘একপেশে’ প্রতিবেদন করেন না।’ তিনি আরো বলেন, ‘পশ্চিমা (যুক্তরাষ্ট্র এবং ইইউ) দেশগুলোর কথা বলতে গেলে, তাদের বৃহৎ গণমাধ্যম নেটওয়ার্ক, টিভি চ্যানেল এবং বড় বড় সংবাদপত্রগুলো খবর প্রকাশের ক্ষেত্রে অন্তত নিরপেক্ষ থাকার গর্বটুকুও কোনোভাবেই করতে পারে না।
তাহলে মার্কিন সাংবাদিক কার্লসন কেন পুতিনের সাক্ষাৎকার নিলেন এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ‘আমেরিকার এই সাংবাদিকের দৃষ্টিভঙ্গি কোনোভাবেই রাশিয়াপন্থী না আবার ইউক্রেইন কিংবা আবার যুক্তরাষ্ট্রপন্থীও না।’ সূত্র : রয়টার্স।


