Last Updated on 7 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বছরের প্রথম দেড় মাসেই ৭ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি।
এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৫৫টি অভিযান চালিয়ে ৩০ হাজার ১৭৭ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৭ হাজার ৪৩ জনকে আটক করা হয়। শীর্ষে থাকা আটটি দেশের নাগরিকদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপিন্স, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীন।
লোকমান এফেন্দি জানান, আটকদের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ রেকর্ড করা হয়েছে যথাযথ ভ্রমণ নথি বা পারমিট না থাকার কারণে। তার মধ্যে বৈধ নথিপত্র ছিল না ৪ হাজার ৮০৪ জনের কাছে। ওভারস্টে ১ হাজার ২৫০ জন, পাসের শর্ত লঙ্ঘন করেছে ৮০৬ জন এবং অন্যান্য অপরাধ করেছে ১৮৩ জন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কোনো ধরনের আপস করবে না কর্তৃপক্ষ। দেশের আইন ও শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর ও লক্ষ্যভিত্তিক অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।


