সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে প্রকৌশলী বাদলুর রহমানের মতবিনিময়

Last Updated on 3 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ, নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ প্রকৌশলী বাদলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এই সভায় প্রবাসীদের সমসাময়িক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও পোস্টাল ভোটিং ও দূতাবাসের কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ।

প্রকৌশলী বাদলুর রহমান জানান, আগামী ২৫ ডিসেম্বর প্রবাসীদের পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রবাসীরা যাতে নিবন্ধিত হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারেন সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরির অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। হাতে সময় খুব কম, তাই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।”

মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বর্তমান অবস্থা, আইনি জটিলতা এবং প্রবাসীদের সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এদিকে দূতাবাস ও ইএসকেএল-এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কমিউনিটির সাংবাদিকদের অংশগ্রহণ বর্জনের সিদ্ধান্তের প্রতি তিনি দৃঢ় সমর্থন জানান।

তার অভিযোগ, বিগত বছরের মতো এ বছরও সীমিত কয়েকজন ব্যতীত অধিকাংশ ক্ষেত্রেই সম্মাননা প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও অনিয়ম লক্ষ্য করা গেছে, যেখানে নির্দিষ্ট কিছু পছন্দের ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত দূতাবাস প্রধানকে বিভ্রান্তে রেখে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলে সক্রিয় রয়েছে। পাশাপাশি পলাতক সাবেক এক ডেপুটি হাইকমিশনারের নিয়মিতভাবে দূতাবাসে যাতায়াত এবং বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিতি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।

ইএসকেএল প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও দূতাবাসের সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রয়েছে, যা উদ্বেগজনক। তার মতে, দূতাবাসের দায়িত্ব পালনে অসঙ্গতির সুযোগ নিয়ে ইএসকেএল কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা জাতীয় তথ্য অধিকার ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার পরিপন্থী। এ বিষয়ে সংবাদমাধ্যম ও প্রবাসী কমিউনিটিকে সচেতন ও মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তারা প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রবাসীদের অধিকার আদায়ে এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন। নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।