সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার কোতারায়া বাংলা মার্কেটকে অবৈধ অভিবাসীমুক্ত ঘোষণা

মালয়েশিয়ার কোতারায়া বাংলা মার্কেট । ছবি-সংগৃহীত

Last Updated on 40 seconds by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশী দোকান, ব্যবসায়ী ও ক্রেতা অধ্যুষিত এলাকা কোতারায়া বাংলা মার্কেট।

সারাদেশে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা দেশীয় ও বিদেশী পন্য কিনতে এখানে ভিড় করেন। মালয়েশিয়ার প্রশাসন এই জালান সিলাং এলাকাটিকে ‘মিনি ঢাকা’ হিসেবে নাম দিয়েছেন। যেন কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে এক টুকরা বাংলাদেশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক চিরুনি অভিযান পরিচালনা করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। তথ্য-উপাত্ত যাচাই করে এলাকাটি বর্তমানে সম্পূর্ণ অবৈধ অভিবাসীমুক্ত বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

অভিযানের পর এই তথ্য নিশ্চিত করে বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, এলাকাটি বিদেশীদের একটি প্রধান মিলনস্থল হওয়ায় এটি বর্তমানে বিশেষ নজরদারিতে রয়েছে। অভিযান চলাকালীন ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও জার্মানির নাগরিকসহ মোট ৮২৩ জন বিদেশী নাগরিকের নথিপত্র যাচাই-বাছাই করা হয়।

কর্মকর্তারা জানান, উপস্থিত সকল বিদেশী দেশটিতে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে সম্পূর্ণ বৈধভাবে অবস্থান করছেন এবং কারো মধ্যেই আইন লঙ্ঘনের প্রবণতা পাওয়া যায়নি।

দীর্ঘ সময় ধরে চলা এই পরীক্ষা শেষে ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে, যাচাইকৃত প্রত্যেক বিদেশী নাগরিকের কাছেই বৈধ ভিজিট পাস বা ভ্রমণের প্রয়োজনীয় সঠিক কাগজপত্র রয়েছে।