সময়ের জনমাধ্যম

মালয়েশিয়া থেকে শিশু যৌন নিপীড়ন চক্রের মূলহোতা এক বাংলাদেশি বংশোদ্ভূতকে গ্রেফতার করে নিয়ে গেছে এফবিআই

Last Updated on 38 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর সহায়তায় একটি আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্রের মূলহোতাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। গ্রেফতার ওই ব্যক্তির নাম জুবাইদুল আমিন (২৮) এবং তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, জুবাইদুল আমিন গত ২০২২ সাল থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনার অভিযোগ রয়েছে, যারা শিশুদের ওপর যৌন শোষণ ও নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাত।

জুবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে এবং শুক্রবারই (৬ মার্চ) তার বিচারকার্য শুরু হওয়ার কথা রয়েছে।

এই সফল অভিযানের জন্য কাশ প্যাটেল মালয়েশিয়া সরকার এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, কুয়ালালামপুরে অবস্থিত এফবিআই অফিস এবং মালয়েশিয়ার প্রশাসনের চমৎকার সহযোগিতার কারণেই এই তদন্ত এবং আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মালয়েশিয়াজুড়ে থাকা স্থানীয় অংশীদারদের সহায়তাকে তিনি এই অভিযানের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

পোস্টটির সাথে সংযুক্ত একটি ছবিতে দেখা গেছে, মালয়েশিয়ার একটি বিমানবন্দরে অবতরণ করা ব্যক্তিগত বিমানের কাছে তিনজন এফবিআই কর্মকর্তা জুবাইদুল আমিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন।