Last Updated on 19 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে মালয়েশিয়া হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে আরও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মালয়েশিয়া শাখা, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনসহ প্রবাসীরা।
পরবর্তীতে দিবসটি উপলক্ষে দূতাবাসের হলরুমে আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

এসময় বক্তারা, মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


