Last Updated on 1 min by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: সারাদিন কর্মব্যস্ততার পর বিকেলে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত হয়ে পড়েন ইফতারের আয়োজন নিয়ে।
তাদের ইফতার আয়োজনে থাকে ছোলা, বুট, বেগুনি, পেঁয়াজি, খেজুরসহ বিভিন্ন ধরনের ফল। কর্মব্যস্ততার কারণে অনেকেই এসব ইফতার সামগ্রী আগেই সংগ্রহ করে রাখেন।
কুয়ালালামপুর–এ বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে প্রতি বছরের ন্যায় এবারও ছিল শাহী হালিম, জিলাপি, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপসহ দেশীয় নানা ধরনের ইফতারির আয়োজন। বাদ আসরের পরপরই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে প্রবাসীদের ইফতার বাজার—এ যেন স্বল্প সময়ের পুরান ঢাকা।
ঘরের চেয়ে বাইরে খোলা ময়দানে বসে ইফতার করতে পছন্দ করেন স্থানীয় মালয়েশিয়ানরা। প্রতিবছরের ন্যায় এবছরও রমজানে প্রতিদিন বিকেলে কুয়ালালামপুরের দাতারান মেরদেকা (স্বাধীনতা চত্বর) ও আশপাশের মাঠগুলো থাকে লোকারণ্য। স্থানীয় মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতি দেখা যায় মাঠগুলোতে।
আজানের ধ্বনি আসতেই সবাই ইফতার গ্রহণ শুরু করেন। এভাবেই নানা আয়োজনে স্থানীয় মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা রমজানের প্রথম রোজা সম্পন্ন করেন।
রাজধানী কুয়ালালামপুর ছাড়াও সেলেঙ্গর, জহর বাহরু, পেনাং ও সেরেম্বান–সহ বিভিন্ন প্রদেশে বসেছে বাংলাদেশি ইফতার বাজার।

