সময়ের জনমাধ্যম

শরীয়তপুরে বোমা বানানোর সময় ‘বিস্ফোরণে’র ঘটনায় নিহত বেড়ে ৩

Last Updated on 3 weeks by zajira news

শরীয়পুর প্রতিনিধি, জাজিরা নিউজ: শরীয়তপুরের জাজিরা উপজেলায় ‘বোমা বানানোর সময়’ বিস্ফোরণে আহত আরও এক যুবক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা মারা যান বলে জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান। ২৭ বছর বয়সী নয়ন জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লা ছেলে।

এর আগে গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে বোমা বানানোর সময়’ বিস্ফোরণের ঘটনা ঘটে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহান ব্যাপারী (৩২)। তার হাত কব্জিসহ উড়ে যায়। আর নবীন হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত হন নয়ন মোল্লা। এরপর গত ১২ জানুয়ারি ডগ স্কোয়াড নিয়ে যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে একটি বাড়িতে বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। এর কিছু দূরে ক্ষেতে সোহান বেপারী লাশ পাওয়া যায়।

নিহতদের মধ্যে নবীন সরদার বেপারীকান্দি গ্রামের রহিম সরদারের ছেলে। আর সোহান বেপারী একই এলাকার দেলোয়র হোসেন বেপারীর ছেলে। এ নিয়ে তিনজন যুবকের মৃত্যু হল জানিয়ে ওসি সালেহ আহমদ বলেন, এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অভিযান অব্যাহত আছে।