Last Updated on 16 hours by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যগণ এসময় তার সঙ্গে ছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ঢাকায় ফিরে এসে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই জিয়ারত সম্পন্ন করেন।
এদিকে, সকালের কার্যক্রম শেষে ইতোমধ্যে সচিবালয়ের পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার।
এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

