Last Updated on 2 years by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের সিকিম রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ছয় জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যে আটকা পড়ে আছেন এক হাজার ৫০০ এর বেশি পর্যটক।
শুক্রবার (১৪ জুন) কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা গোপীনাথ রাহা জানান, তিস্তা নদীর বন্যার পানিতে রাস্তা ও সেতু ভেসে গেছে। রাজ্যে এক হাজার ৫০০ জনেরও বেশি পর্যটক সেখানে আটকা পড়েছে।
তিনি এএফপি’কে বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে গেছে। এতে সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। সিকিমের উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন অচল হয়ে পড়ে আছে।’
মাঙ্গনের জেলা ম্যাজিস্ট্রেট হেম কুমার চেত্রী বলেন, ‘৩৬ ঘন্টা ধরে একটানা বৃষ্টি হচ্ছে। উত্তর সিকিমের রাস্তা একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, জেলার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনম ডিচু জানান, রাজ্যের উত্তরের কিছু অংশ ‘দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন’ হয়ে গেছে। অনেক ঘরবাড়ি পানিতে ভেসে গেছে।
সিকিমের রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থা বলেছে, উদ্ধার অভিযান চলছে কিন্তু স্থানীয় মোবাইল ফোন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দুর্যোগ পরিস্থিতি নজর রাখছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
তিনি বলেছেন, তার সরকার ‘ক্ষতিগ্রস্ত এবং পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে’।প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজের পদক্ষেপ নিতে বলেছেন তিনি। আগামী কয়েকদিন সিকিমে ভারী বৃষ্টি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে দুর্যোগ পরিস্থিতি আরও বেশ কয়েকদিন চলবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সিকিম সীমান্তবর্তী নেপালের তাপলেজুং জেলায় বৃষ্টির পর ভূমিধসে চার জন নিহত হয়েছে।


