সময়ের জনমাধ্যম

সিলেটে টিলা ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সিলেটে টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু (ইনসেটে নিহতদের ফাইল ফটো)

Last Updated on 2 years by zajira news

জেলা প্রতিনিধি, জাজিরা নিউজ: সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে চাপা পড়া একই পরিবারের তিনজনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১০ জুন) সকাল ৮টার দিক থেকে উদ্ধার কাজ শুরু হয়, বেলা দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই তিনজন হলেন চামেলীবাগ এলাকার আগা করিম উদ্দিন (৩৪), তাঁর স্ত্রী শাম্মী আক্তার (২৬) ও দুই বছরের শিশু তানিম।

এর আগে সকাল ৭টার দিকে চামেলীবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের সাতজন। তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী।

এ বিষয়ে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ধসে পড়া বাড়িতে দুটি পরিবার থাকতো। টিলা ধসে চাপাপড়া ঘরের নিচে দুই পরিবারের ছয় জন আটকে পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং আমরা এসে এক পরিবারের তিন জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এছাড়াও টিলা ধসে মাটিচাপা পড়ে যাওয়া একই পরিবারের বাকিদের সন্ধানে ঘটনাস্থলে কাজ শুরু করে সেনাবাহিনীর একটি দল। একপর্যায়ে মাটিচাপা পড়া করিমসহ তার স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি খুবই মর্মান্তিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বৃষ্টির কারণে পাহাড়ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়ে ওই ঘরের নিচে একই পরিবারের তিনজন চাপা পড়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।