সময়ের জনমাধ্যম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

Last Updated on 2 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: সৌদি আরবের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-খার্জ শহরসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে।

সেই আল–খার্জেই হতাহতের ঘটনাটি ঘটেছে। এদিকে, গালফ অঞ্চলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সৌদি আরব দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া ইউএই, বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকরা; বিশেষ করে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি এই হামলার শিকার হচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সরকার প্রবাসীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে সহায়তা চাইতে অনুরোধ জানিয়েছে।