Last Updated on 46 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ত্রয়োদশ সংসদ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।
পরে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া-মোনাজাত করেন।
শুক্রবার (১৩ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে প্রথমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে পরিদর্শন বইয়ে সই করেন স্পিকার ও ডেপুটি স্পিকার।
সেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্রতম স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি ও অনুপ্রাণিত হয়েছি।”
তিনি বলেন, “গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি।”
স্পিকার বলেন, তিনি নিজেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এবং সেই যুদ্ধে তিনি আহতও হন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বর্তমান সংসদের ভূমিকা কী হবে তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু।
স্পিকার বলেন, “আমি জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে।” তিনি বলেন, “সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মত নিরপেক্ষ অবস্থান।”
পরে স্পিকার ও ডেপুটি স্পিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যান। সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সমাধিস্থলে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, “আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি, যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে।”


